বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ি থেকে জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যাহারকৃতরা হলেন— ভাকুর্তা ফাঁড়ির এএসআই রবিউল ইসলাম, এএসআই খায়রুল আলম এবং কনস্টেবল তোফায়েল।
জানা যায়, গত শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং ভাকুর্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আশাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ফাঁড়িতে নিয়ে আসার পর দুপুরে দায়িত্বরত কর্মকর্তাদের চরম গাফিলতি ও উদাসীনতার সুযোগ নিয়ে আকস্মিকভাবে তিনি দৌড়ে পালিয়ে যান। এ বিষয়ে ফাঁড়ির ইনচার্জ জানান, প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ মেলায় ওই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পলাতক আসামি আশাব উদ্দিনকে পুনরায় গ্রেফতারে পুলিশের একাধিক টিমের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বাংলাফ্লো/এফআইআর






