জেলা প্রতিনিধি
টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে রাতের আঁধারে রাস্তার পাশে এক অসুস্থ স্বামীকে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার কালমেঘা এলাকায় এ অমানবিক ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম জামাল উদ্দিন (৪৯)। তিনি কালমেঘা গ্রামের ফজর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে জামাল উদ্দিন নিজ গ্রাম ছেড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি দক্ষিণ পাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরবর্তীতে জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানে প্রায় ১২ বছর কর্মরত ছিলেন। স্থানীয়দের দাবি, প্রবাসজীবনে উপার্জিত লাখ লাখ টাকা তিনি তার স্ত্রীর কাছে পাঠিয়েছেন। কিন্তু কয়েক বছর আগে কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় আট মাস আগে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে স্ত্রী-সন্তানরা তার চিকিৎসা ও দেখভালে অবহেলা করতে শুরু করে।
স্থানীয়রা জানান, গত শনিবার গভীর রাতে জামাল উদ্দিনকে তার পৈতৃক ভিটার পাশের একটি সড়কে ফেলে রেখে যান তার স্ত্রী রিনা আক্তার ও সন্তানরা। পরে রাতে বৃষ্টি শুরু হলে রাস্তায় পড়ে থাকা অবস্থায় তিনি মানবেতর পরিস্থিতির শিকার হন। বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্য মোশাররফসহ এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে কালমেঘা গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় তার ভাতিজি ইসমতারার বাড়িতে তাকে আশ্রয় দেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
এ বিষয়ে জামাল উদ্দিনের বড় ভাই সোহরাব আলী আক্ষেপ করে বলেন, “আমার ভাইকে আমি অনেক আগেই সাবধান করেছিলাম শ্বশুরবাড়িতে না থাকতে। কিন্তু সে এলাকার কারও কথা শোনেনি। আজ শুনতে পেলাম, তার স্ত্রী অসুস্থ অবস্থায় তাকে রাস্তায় ফেলে চলে গেছে।”
তবে স্বামীকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন স্ত্রী রিনা আক্তার। তিনি বলেন, “আমার স্বামীকে আমি কয়েক মাস আগেই ডিভোর্স দিয়েছি। তার সঙ্গে এখন আর আমার কোনো সম্পর্ক নেই।” রাতের বেলায় তিনি কীভাবে ওই এলাকায় পৌঁছালেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না।”
এদিকে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এসেছে। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানিয়েছেন, ঘটনাটি ইতোমধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












