বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: চলতি বছরের ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংঝু শহরে তিন ধাপে বসতে যাচ্ছে ১৪০তম ‘চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার’ বা ক্যান্টন ফেয়ার। বিশ্বের অন্যতম বৃহৎ এই বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশি দর্শনার্থী ও ব্যবসায়ীদের অংশগ্রহণ আরও সহজতর করতে বিশেষ ভিসা সুবিধার ঘোষণা দিয়েছে ঢাকার চীনা দূতাবাস।
মঙ্গলবার (২৮ জুলাই) এক বিশেষ বার্তার মাধ্যমে চীনা দূতাবাসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, এবার ক্যান্টন ফেয়ারে যাওয়ার ভিসা পেতে আবেদনকারীদের শুধু প্রদর্শনীর অফিশিয়াল আমন্ত্রণপত্র (ইনভিটেশন লেটার) জমা দিলেই চলবে। এটিই ভিসা আবেদনের একমাত্র বাধ্যতামূলক কাগজ। তবে প্রক্রিয়াটি আরও দ্রুত ও সহজ করতে অনলাইনে ফরম পূরণের সময় আবেদনকারীর আগের ভিসা, ভ্রমণের ইতিহাস এবং নিজ প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটারের মতো প্রমাণপত্রগুলো আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ভিসা ফরমে কোনো ধরনের ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে তা বাতিল করে ফেরত দেওয়া হবে। ফলে অনাকাঙ্ক্ষিত বিলম্ব, বাড়তি খরচ বা ভ্রমণ পরিকল্পনা ভেস্তে যাওয়ার ঝুঁকি এড়াতে অত্যন্ত সতর্কতার সঙ্গে ও নির্ভুলভাবে অনলাইন ফরম পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সতর্কবার্তায় স্পষ্ট বলা হয়েছে, জাল বা ঘষামাজা করা আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য বা ভুয়া কাগজপত্র জমা দিলে তাৎক্ষণিকভাবে ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে। শুধু তাই নয়, এর ফলে ভবিষ্যতে চীনের ভিসা পাওয়ার ক্ষেত্রেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। ফরম পূরণের ক্ষেত্রে কোনো এজেন্সি বা তৃতীয় ব্যক্তির ওপর নির্ভর না করে আবেদনকারীকে নিজের কাজ নিজে করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
চীনা দূতাবাস আরও নিশ্চিত করেছে যে, তারা ভিসা প্রসেসিংয়ের জন্য কোনো ব্যক্তি বা এজেন্সিকে অনুমোদন দেয়নি। একজন আবেদনকারীর ভিসার ধরন, মেয়াদ, সেখানে থাকার সময় এবং কতবার প্রবেশ করতে পারবেন—এসব বিষয় সম্পূর্ণ নির্ভর করবে দূতাবাসের নিজস্ব নিয়ম ও প্রার্থীর ব্যক্তিগত প্রোফাইলের ওপর।
এ কারণে ‘ভিসা শতভাগ নিশ্চিত’, ‘ভিসা না হলে টাকা ফেরত’, ‘ভেতরের লোক দিয়ে কাজ করানো’ বা ‘বিশেষ চ্যানেল’—দালালদের এমন চটকদার ও প্রতারণামূলক দাবির ফাঁদ থেকে সবাইকে সাবধানে থাকার আহ্বান জানানো হয়েছে।
সবশেষে বার্তায় জানানো হয়, চীনা দূতাবাস সবসময় একটি স্বচ্ছ, আইনসম্মত ও দ্রুতগতির ভিসাসেবা প্রদানে বদ্ধপরিকর। দূতাবাসের কোনো স্থানীয় কর্মী নিজস্ব স্বার্থে ভিসা করিয়ে দেওয়ার বা প্রভাব খাটানোর মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবেন না। এমন কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও কঠোর শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












