বিনোদন ডেস্ক
ঢাকা: অভিনেত্রী শবনম বুবলীর মাতৃত্বের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ঢালিউডপাড়ায় ভাসছিল। গণমাধ্যমের কাছে বিষয়টি বারবার এড়িয়ে গেলেও অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। গত ১১ মে এক কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। প্রায় এক মাস পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ্যে এনেছেন এই অভিনেত্রী।
বুবলী জানিয়েছেন, তার এই কন্যার বাবা ঢালিউড সুপারস্টার শাকিব খান। শাকিবের নামের সঙ্গে মিল রেখেই মেয়ের নাম রাখা হয়েছে—শারলিন খান। এই খবর প্রকাশের পর ভক্তদের মাঝে আনন্দ দেখা গেলেও, বরাবরের মতোই শাকিব খানের নীরবতা অনেকের মনেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
শুক্রবার নিজের ফেসবুক পেজ থেকে মা হওয়ার খবরটি জানিয়ে শাকিব খানকে ট্যাগ করেন বুবলী। কিন্তু দিন পেরিয়ে গেলেও শাকিব তার টাইমলাইনে পোস্টটি গ্রহণ (এক্সেপ্ট) করেননি। এমনকি তার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, আবারও কি বাবা হওয়া নিয়ে অস্বস্তিতে ভুগছেন পর্দার এই ‘রকস্টার’?
অতীতের পুনরাবৃত্তি? সন্তান নিয়ে শাকিব খানের এমন নীরবতা নতুন কিছু নয়। এর আগে তার দুই ছেলের ক্ষেত্রেও একই ঘটনার সাক্ষী হয়েছেন দর্শক। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর শাকিব ও অপু বিশ্বাসের ঘরে জন্ম নেয় আব্রাম খান জয়। দীর্ঘ সময় গোপন থাকার পর অপু বিশ্বাস সন্তানসহ সরাসরি টেলিভিশনে এসে বিষয়টি প্রকাশ করেন। সে সময়ও প্রথমে নীরব ছিলেন শাকিব।
পরবর্তীতে ২০১৮ সালে বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব এবং ২০২০ সালে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। এই খবরটিও গোপন রাখা হয়েছিল। বুবলী বিষয়টি প্রকাশ্যে আনার পর শাকিব দীর্ঘ সময় নিশ্চুপ ছিলেন। সে সময় এক সাক্ষাৎকারে শাকিব হতাশ হয়ে জানিয়েছিলেন, “অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই।”
তবে সেই অবস্থান থেকে সরে এসে বুবলীর সঙ্গে বিবাদ মিটিয়ে নেওয়ায় এবং নতুন কন্যার আগমনের খবরটি ভক্তরা বেশ ইতিবাচকভাবেই নিচ্ছেন। কিন্তু ঘুরেফিরে প্রশ্ন একটাই—শাকিব খান কেন এখনো চেনা নীরবতায় ডুব দিয়ে আছেন? অতীতের ঘটনাগুলো কি তার মনে এখনো ছাপ ফেলে রেখেছে? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






