স্পোর্টস ডেস্ক
ঢাকা: হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। গুঞ্জন ছিল তার পরিবর্তে দলে সুযোগ পাবেন রুতুরাজ গায়কোয়াড়; তবে শেষ পর্যন্ত কোহলির বদলি হিসেবে ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। দলে থাকলেও মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে আরেক তারকা রোহিত শর্মার।
ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩, ১৭ এবং ২০ জুন। ম্যাচগুলো হবে ধর্মশালা, লখনউ এবং চেন্নাইয়ে।
সম্প্রতি আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান বিরাট কোহলি। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন তিনি।
এখনও পর্যন্ত ভারতের জার্সিতে চারটি ওয়ানডে ম্যাচ খেলেছেন যশস্বী জয়সওয়াল। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক হয়। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের খেলা শেষ ওয়ানডে ম্যাচে ১১৬ রানের এক দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।
বিরাট কোহলির চোট ও দলের পরিবর্তন নিয়ে ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর বলেন, “আইপিএল ফাইনালের পর এক সপ্তাহও হয়নি। কোহলির চোট এত দ্রুত সারা সম্ভব নয়। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। সম্পূর্ণ ফিট হতে কত দিন লাগবে, এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাই আফগানিস্তান সিরিজের জন্য জয়সওয়ালকে দলে নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আশা করছি জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে কোহলি পুরোপুরি ফিট হয়ে যাবে। যদিও নিশ্চিত করে বলা ঠিক নয়। ফিজিও রিপোর্ট পাওয়ার পরই হয়তোবা বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যাবে।”
বাংলাফ্লো/এফআইআর




