স্পোর্টস ডেস্ক
ঢাকা: ক্রিকেট বিশ্বে নতুন পরাশক্তি হতে চায় সৌদি আরব। ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে দেশটি ক্রিকেটে বিপুল বিনিয়োগ করছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের কাছে পুরুষ ও নারী ক্রিকেটার এবং কোচ চেয়ে প্রস্তাব পাঠিয়েছিল সৌদি আরব। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের স্বার্থের ক্ষতি করে এমন প্রস্তাবে রাজি হওয়া সম্ভব নয়।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব তাদের ঘরোয়া ক্রিকেট শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত এগিয়ে যেতে টেস্ট খেলুড়ে দেশগুলো থেকে প্রতিভা সংগ্রহের চেষ্টা করছে। তারা বাংলাদেশের খেলোয়াড় ও কোচদের দীর্ঘমেয়াদে আইনি প্রক্রিয়া (নাগরিকত্ব বা রেসিডেন্সি) সম্পন্ন করে নিজেদের দলে ভেড়াতে চেয়েছিল।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “তারা দুই মাস আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমি তখনই না বলে দিয়েছি। তারা আমাদের কাছে পুরুষ ও নারী খেলোয়াড় এবং পরে কোচও চেয়েছিল। কিন্তু নিজের দেশের স্বার্থের ক্ষতি করে আমি এটা কীভাবে করতে পারি?”
সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের মতো সৌদি আরবও প্রবাসী ও বিদেশি খেলোয়াড়দের ওপর নির্ভর করে ক্রিকেট কাঠামো দাঁড় করাতে চাইছে। ফুটবল (ফিফা ২০৩৪ বিশ্বকাপ), ফর্মুলা ওয়ান এবং লিভ গলফের পর এবার আইসিসি ও এসিসির সহায়তায় উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র হতে চায় তারা। তবে বিসিবি সভাপতির কঠোর অবস্থানে বাংলাদেশের তারকাদের সৌদি আরবের হয়ে খেলার সম্ভাবনা আপাতত নাকচ হয়ে গেল।
বাংলাফ্লো/এফআইআর






