বিনোদন ডেস্ক
ঢাকা: আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় পোশাক ও ফ্যাশন পণ্যের প্রচারণায় দীর্ঘদিনের সুনামের ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের শীর্ষ ফ্যাশন ও জুয়েলারি প্রতিষ্ঠান ‘লিব্যাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন দেশের খ্যাতনামা র্যাম্প মডেল ও অভিনেতা খালেদ হোসেন চৌধুরী সুজন। সম্প্রতি আমেরিকায় এই আন্তর্জাতিক ব্র্যান্ডটির বিশেষ ফটোশুটে অংশ নিয়েছেন তিনি।
জানা গেছে, প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন খালেদ হোসেন চৌধুরী। চুক্তি অনুযায়ী, আগামী এক বছর তিনি প্রতিষ্ঠানটির নানা পোশাক ও পণ্যের মডেল হিসেবে বিশ্বজুড়ে প্রচারণায় অংশ নেবেন। এর আগে দেশে বহু নামিদামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করলেও যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো বড় আন্তর্জাতিক ফ্যাশন হাউজের সঙ্গে যুক্ত হলেন তিনি।
নিজের এই প্রাপ্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে খালেদ হোসেন চৌধুরী বলেন, ‘লিব্যাস ফ্যাশন ও জুয়েলারির মতো একটি আন্তর্জাতিক হাউজের ফটোশুট ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দেশের বাইরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।’ উল্লেখ্য, শ্রেষ্ঠ মডেল হিসেবে বাবিসাস অ্যাওয়ার্ডপ্রাপ্ত খালেদ হোসেন চৌধুরী সুজন ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ ও ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট’-এর প্রধান বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ









