বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও নাগরিক সচেতনতা বাড়াতে রাজধানী ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় তেজগাঁওয়ের নবনির্মিত ভূমি ভবনে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।
ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই মেলা আয়োজনের মূল লক্ষ্য হলো ঐতিহ্যগত জটিল ভূমি সেবাগুলোকে আরও সহজ ও নাগরিকবান্ধব করা। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, ডিজিটাল খতিয়ান বা পর্চাসহ সরকারের বিভিন্ন আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সরাসরি সচেতন করা এবং একদম প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে এই সেবাগুলো নির্বিঘ্নে পৌঁছে দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য।
মঙ্গলবার (১৯ মে) থেকে দেশজুড়ে একযোগে শুরু হওয়া এই ‘ভূমিসেবা মেলা-২০২৬’ আগামী ২১ মে (বৃহস্পতিবার) পর্যন্ত টানা তিন দিন চলবে। রাজধানীর কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই মেলা ও বিশেষ সেবা বুথ পরিচালনা করা হচ্ছে। মেলা প্রাঙ্গণ থেকে নাগরিকরা সরাসরি যেকোনো ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান, পরামর্শ এবং অনস্পট ডিজিটাল সেবা গ্রহণ করতে পারছেন।
ভূমি সেক্টরকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও আধুনিক অটোমেটেড ব্যবস্থাপনায় রূপান্তর করতে বর্তমান সরকারের এই মেলা তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাফ্লো/এফআইআর












