জেলা প্রতিনিধি
রংপুর: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় তিনি রংপুর নগরীর ঐতিহ্যবাহী ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছান।
মন্দির প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী স্থানীয় শিশু-কিশোরদের পরিবেশিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এরপর তিনি দুর্গাপূজার মূল মণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী পূজারি ও ভক্তদের সঙ্গে কুশল ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে স্থানীয় নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীও বাস থেকে হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রংপুর নগরীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









