বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদক ও অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় নানা অপরাধের ঘটনায় ৫৮টি নতুন মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডিএমপির আটটি ক্রাইম ও বিশেষায়িত বিভাগের অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে, যেখানে ১৪৮ জনকে আটক করা হয়। এছাড়া তেজগাঁও বিভাগে ৯৩ জন, লালবাগ বিভাগে ৬১ জন, ওয়ারী বিভাগে ৫৪ জন, রমনা বিভাগে ৪৮ জন, গুলশান বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৯ জনকে এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা এবং ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৩৬ টাকা, একটি মোটরসাইকেল এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে অপহৃত বা আটকে রাখা একজন ভিকটিমকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত জব্দ করা হয়। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












