বাংলাফ্লো ডেস্ক ঢাকা: দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তিনি বাগেরহাটের মোংলা বন্দরের সম্প্রসারণ কার্যক্রম এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত ইকোনমিক জোন সরেজমিনে পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীতে নিজের বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন সরকারপ্রধান। এরপর সকাল ৯টায় হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা শুরু করবেন তিনি। সকাল ১০টার দিকে আকাশপথে সুন্দরবনের হিরণ পয়েন্ট এবং তৎসংলগ্ন বনাঞ্চল পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী।
আকাশপথে সুন্দরবন পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টার থেকে অবতরণ করবেন তিনি। সেখান থেকে সড়কপথে স্থানীয় লঞ্চঘাটে গিয়ে নৌযানে করে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন।
দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছানোর পর সেখানকার ওয়ার্ডরুমে যাবেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ বৈঠকে যোগ দেবেন তিনি। এরপর বিকেলে মোংলা বন্দরের সামগ্রিক পরিচালন কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন। বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখার কর্মসূচি রয়েছে তাঁর।
দিনভর এসব সরকারি কর্মসূচি শেষ করে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী এবং বিকেল ৫টায় ঢাকায় ফিরবেন। সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












