বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় করতে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এই লক্ষ্য বাস্তবায়নে জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে আলজেরিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার হাইড্রোকার্বনবিষয়ক মন্ত্রী মোহামেদ আরকাব নিজ নিজ দেশের সরকারের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি বৈঠকে দুই দেশের মধ্যে জ্বালানি খাতের বহুমুখী সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আওতায় জিটুজি ভিত্তিতে এলএনজি, এলপিজি ও পেট্রোলিয়াম পণ্য আমদানির পাশাপাশি বাংলাদেশে এসব জ্বালানির সংরক্ষণ ও বিতরণ অবকাঠামো উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানে যৌথ সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া বাংলাদেশের প্রকৌশলী ও কারিগরি কর্মীদের দক্ষতা বাড়াতে আলজেরিয়ার জ্বালানি খাতের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের অনুরোধ জানান বাংলাদেশের জ্বালানিমন্ত্রী।
চুক্তি স্বাক্ষরের পর জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, এই পদক্ষেপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যার মাধ্যমে জিটুজি ব্যবস্থায় আফ্রিকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির সুযোগ তৈরি হলো।
সফরকালে ২০ অক্টোবর আলজেরিয়ার খনি ও খনিজ শিল্পবিষয়ক মন্ত্রী মুরাদ হানাফি এবং জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক মন্ত্রী মুরাদ আদজাল পৃথকভাবে বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও সার আমদানিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এর আগে গত ১৯ অক্টোবর আলজিয়ার্সের হুরি বুমেদিয়েন আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি প্রেসিডেনশিয়াল লাউঞ্জে বাংলাদেশের জ্বালানিমন্ত্রীকে স্বাগত জানিয়েছিলেন মন্ত্রী মোহামেদ আরকাব। আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হুদাও এই সফরের সার্বিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












