আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: হিমবাহ ধসে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের জন্য নিরাপত্তা ও কাজের নতুন নির্দেশনা জারি করেছে নেপাল। একই সঙ্গে বন্যাকবলিত এলাকায় কাজ করতে যাওয়া বিদেশি সাংবাদিকদের জন্য ‘প্রেস অ্যাক্রেডিটেশন’ বাধ্যতামূলক করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমবাহ ধসে আকস্মিক বন্যায় দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বহু শহর ও গ্রাম ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হিমালয় সীমান্ত অঞ্চল থেকে নেমে আসা ভোতেকোশি নদীর পানির তোড়ে ঘরবাড়ি, যানবাহন, সড়ক ও সেতু ভেসে গেছে এবং জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০-এর বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৫ হাজারের বেশি মানুষ।
বিপর্যয়কর এই পরিস্থিতিতে গত রোববার নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাংবাদিকদের জন্য তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি নিরাপত্তা প্রটোকল জারি করে। নতুন এই প্রটোকল অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় সাংবাদিকদের যেসব নির্দেশনা মেনে চলতে হবে:
বৈধ প্রেস পরিচয়পত্র সব সময় সঙ্গে রাখতে হবে।
নিরাপত্তা ও উদ্ধারকর্মীদের নির্দেশনা এবং নির্ধারিত পথ ও চলাচলের বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করতে হবে।
পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে কর্তৃপক্ষের দেওয়া এলাকা সরিয়ে নেওয়ার নির্দেশ মানতে হবে।
অনুমতি ছাড়া সক্রিয় উদ্ধার এলাকা এবং নিষিদ্ধ বা সীমিত অপারেশন এলাকায় প্রবেশ করা যাবে না।
উদ্ধারকাজে কোনো ধরনের বাধা সৃষ্টি করা যাবে না।
কোনোভাবেই আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করা যাবে না।
এদিকে বিদেশি সাংবাদিকদের জন্য গত ৩ সেপ্টেম্বর নেপালের তথ্য ও সম্প্রচার বিভাগ একটি পৃথক নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, ভোতেকোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী বন্যাকবলিত এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া বিদেশি সাংবাদিকদের অনলাইনে ‘প্রেস অ্যাক্রেডিটেশন’ ও সাংবাদিক পরিচয়পত্রের জন্য আবেদন করতে হবে।
আবেদনের সময় বিদেশি সাংবাদিকদের বৈধ ভিসা বা প্রবেশ অনুমতিসহ পাসপোর্টের কপি, নিজ নিজ সংবাদমাধ্যমের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার বিভাগে দেওয়া সুপারিশপত্র এবং নিজ দেশের দূতাবাস, কনস্যুলার অফিস বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশপত্র জমা দিতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্যুকৃত এই প্রেস অ্যাক্রেডিটেশন ও সাংবাদিক পরিচয়পত্র ১৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












