বিনোদন ডেস্ক
ঢাকা: ক্যারিয়ারের তুঙ্গে থেকে হঠাৎ করে অভিনয় জগত থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাফিজা জাহান। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেত্রী এবার সুখবর দিলেন। মা হতে চলেছেন ‘লাক্স তারকা’ খ্যাত এই অভিনেত্রী। বর্তমান স্বামী রাজীব হাসানের সঙ্গে নিউইয়র্কে বসবাস করা নাফিজার সংসারে আসছে প্রথম সন্তান।
সামাজিক যোগাযোগমাধ্যমে নাফিজা জাহানের মা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন আরেক জনপ্রিয় অভিনেত্রী নওশীন নাহার মৌ। নিউইয়র্কে আয়োজিত নাফিজার একটি ঘরোয়া বেবি শাওয়ারের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে নাফিজা ও রাজীবের নতুন জীবনের জন্য শুভকামনা জানান নওশীন। সুখবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিনোদন জগতের সহকর্মী ও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন হবু মা।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন নাফিজা জাহান। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর জনপ্রিয় ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। এরপর ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’ ও ‘আমাদের গল্প’-এর মতো দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে নিজের শক্ত জায়গা তৈরি করে নেন। বিজ্ঞাপনচিত্রে কাজের পাশাপাশি ২০২০ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অতিথি চরিত্রে অভিনয় করেও প্রশংসা পান তিনি।
জনপ্রিয়তার তুঙ্গে থাকাবস্থায় ২০১৩ সালে অভিনয় থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান নাফিজা। ২০১৫ সালে এক প্রবাসীকে বিয়ে করলেও সেই সংসার বেশি দিন টেকেনি। পরবর্তীতে জীবনের নানা ওঠানামা পেরিয়ে ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন এই অভিনেত্রী।
বাংলাফ্লো/এম এইচ এইচ










