আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া পরিচালিত জোটের বিরুদ্ধে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ‘নতুন নিরাপত্তা সংকট’ তৈরির গুরুতর অভিযোগ তুলেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি, এই তিন দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম হুমকিস্বরূপ।
মঙ্গলবার (৪ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির একজন সামরিক ভাষ্যকার বলেন, বৃহৎ আকারের সামরিক মহড়ার মাধ্যমে এই তিন দেশ তাদের যৌথ যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি করছে, যার মধ্যে সাম্প্রতিক মার্কিন নেতৃত্বাধীন রিম অব দ্য প্যাসিফিক (রিমপ্যাক) নৌ-মহড়াও রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সামুদ্রিক যুদ্ধ ও যৌথ নৌ-মহড়া।
ওই সামরিক ভাষ্যকারের মতে, চলতি বছরের রিমপ্যাক মহড়ায় বিপুল সামরিক শক্তি প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে ছিল:
৩০ হাজারের বেশি সেনা
৩০টিরও বেশি যুদ্ধজাহাজ
৫টি সাবমেরিন এবং প্রায় ১৯০টি বিমান
প্রতিবেদনে এই মহড়াকে ‘আগ্রাসী’ হিসেবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি টোকিও ও সিউলের সমর্থনে এ অঞ্চলে সামরিক আধিপত্য বিস্তারের চেষ্টার জন্য ওয়াশিংটনকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার বিমান ও রসদবিষয়ক মহড়া, জাপানে মার্কিন কমান্ড কাঠামো শক্তিশালী করার পরিকল্পনা এবং উন্নত মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের তীব্র সমালোচনা করে উত্তর কোরিয়া সতর্ক করেছে যে, তারা এই ‘নতুন মাত্রার হুমকির কঠোর জবাব’ দেবে।
এদিকে, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সাইবার হুমকি-সংক্রান্ত সাম্প্রতিক মার্কিন নেতৃত্বাধীন অভিযোগ প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব অভিযোগকে তারা ‘ভিত্তিহীন’ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছে।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার কমান্ড, যৌথ মহড়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে সাইবার জগৎকে সামরিকীকরণের অভিযোগ তুলেছেন। তিনি স্পষ্ট জানান, ডিজিটাল ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধির জন্য উত্তর কোরিয়া নয়, বরং যুক্তরাষ্ট্রই দায়ী। পশ্চিমা চাপের কাছে মাথা নত না করে নিজেদের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় উত্তর কোরিয়া তাদের যাবতীয় কার্যক্রম অব্যাহত রাখবে বলে সাফ জানিয়ে দিয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












