বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি সুনির্দিষ্ট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) উভয়পক্ষের যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা করা হতে পারে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি সম্পন্ন হয়।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ান। আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সিফাত মাহমুদ শুভ ও আবুল হাসান। গত ২ এপ্রিল থেকে শুরু হওয়া এই দীর্ঘ যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য নির্দিষ্ট কোনো দিন ধার্য না করে তা অপেক্ষমাণ রাখেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এ ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল।
কুষ্টিয়ায় আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন ও হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততা ও নির্দেশদাতার ভূমিকা পালনের অভিযোগে করা এই মামলার রায়ের দিকে তাকিয়ে আছেন নিহতদের পরিবার ও সচেতন মহল।
বাংলাফ্লো/এফআইআর






