বিনোদন ডেস্ক
ঢাকা:
ঢালিউডের জনপ্রিয় মার্শাল আর্ট ও অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল দীর্ঘ ১৮ বছর পর আবারও চলচ্চিত্র পরিচালনার আসনে ফিরছেন। অভিনয়ের পাশাপাশি অতীতে ‘বিচ্ছু বাহিনী’, ‘বাঘে বাঘে লড়াই’, ‘মায়ের জন্য যুদ্ধ’ কিংবা ‘প্রবেশ নিষেধ’-এর মতো মোট ১৬টি ব্যবসাসফল চলচ্চিত্র নির্মাণ করে পরিচালক হিসেবেও নিজের জাত চিনিয়েছিলেন তিনি। সর্বশেষ ২০০৮ সালে ‘রক্ত পিপাসা’ নির্মাণের পর দীর্ঘ বিরতি ভেঙে এবার তিনি নির্মাণ করতে চলেছেন নতুন সিনেমা ‘ছায়া : দ্য শ্যাডো’।
নতুন এই অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমায় নামভূমিকায় এক ‘সুপার হিউম্যান’ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক জয় চৌধুরী, যিনি সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করে ব্যাপক আলোচনায় এসেছেন। আগামী অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই ছবিটির মূল দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। নায়ক জয় চৌধুরীর বিপরীতে বাংলাদেশ ও কলকাতার দুজন শীর্ষ অভিনেত্রীকে নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি চলছে। দীর্ঘদিন পর অ্যাকশন কিং রুবেলের পরিচালনায় ফেরা ঢাকাই সিনেমার জন্য দারুণ এক সুখবর বলে মনে করছেন সিনেমাপ্রেমীরা।
বাংলাফ্লো/এম এইচ এইচ












