বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা:
রাজধানীর মিরপুর সংলগ্ন পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টাকালে অভিযান চালিয়ে ১৩ নেতাকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশনের আলোব্দী ঝিলপাড় বস্তি সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সোয়া ৫টার দিকে প্রায় শতাধিক ব্যক্তি দলীয় ব্যানারে ঝটিকা মিছিল ও নাশকতামূলক স্লোগান দেওয়ার উদ্দেশ্যে গোপনে ওই এলাকায় জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পাওয়া মাত্রই পল্লবী থানার নিয়মিত ও বিশেষ মোবাইল পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। পুলিশের আকস্মিক উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা বিভিন্ন গলিতে দিকবিদিক পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই ১৩ জনকে আটক করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












