জেলা প্রতিনিধি
নাটোর: নাটোরের গুরুদাসপুরে নির্মম হামলায় গুরুতর আহত যুবদল কর্মী ও সাবেক ছাত্রদল নেতা শাকিল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় সাবেক এমপির ছেলে নুরুজ্জামান মিন্টুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশি আবেদনের প্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বহিষ্কারের এই বিজ্ঞপ্তি জারি করা হয়।
নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর সদরের কাছারিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। গত ১৪ অক্টোবর রাতে চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত সশস্ত্র হামলার শিকার হন তিনি। মোটরসাইকেলে এসে হেলমেট পরিহিত হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হলেও দীর্ঘ ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার রাতে তিনি না ফেরার দেশে চলে যান।
হত্যাকাণ্ডের ঘটনায় নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নুরুজ্জামান মিন্টুকে আটক করে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে বিজ্ঞ বিচারক ৩ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।
রাজনৈতিক প্রতিহিংসা ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গোটা নাটোরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জড়িত অন্যান্য সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বাংলাফ্লো/এম এইচ এইচ












