বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: সারা দেশে টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে। সরবরাহ ব্যাহত হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, বেগুন, শসাসহ প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে কয়েকটি বাদে প্রায় সব সবজির দামই এখন ১০০ টাকার ওপরে। এর মধ্যে ভালো মানের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে সবজিবাহী ট্রাক রাজধানীতে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এছাড়া ভারী বৃষ্টিতে অনেক এলাকায় সবজিক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দামে। বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায়, করলা ৮০ থেকে ১০০ টাকা, পটল ও ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা এবং শসা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউয়ের দাম বেড়ে এখন ৮০ থেকে ৯০ টাকা হয়েছে। সাধারণ মানের কাঁচামরিচ ১৬০ থেকে ১৮০ টাকা এবং গাজর ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সবজির এই চড়া বাজারে তুলনামূলক স্বস্তি আছে কেবল পেঁপের দামে, যা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে।
টাউন হল বাজারের এক সবজি বিক্রেতা জানান, সরবরাহ সংকটের কারণেই মূলত দাম বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতি পাল্টাবে এবং দাম ধীরে ধীরে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে ক্রেতাদের অভিযোগ ভিন্ন। আনিসুজ্জামান নামের এক ক্রেতা বলেন, ‘সরবরাহ সংকটের সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন। ফলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য দৈনন্দিন বাজার করা কঠিন হয়ে উঠেছে।’
বাংলাফ্লো/এফআইআর












