বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট (স্পিলওয়ে) আংশিক খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার পর যেকোনো সময় প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে।
শুক্রবার (১৭ জুলাই) রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৩ দশমিক ৯১ ফুট (মিন সি লেভেল), যেখানে হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট। পানির উচ্চতা, উজান থেকে পানির প্রবাহ (ইনফ্লো) ও বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির ওপর নির্ভর করে স্পিলওয়ের গেট খোলার সময় ও পরিমাণ পরিবর্তন হতে পারে। ইনফ্লো বেড়ে গেলে পর্যায়ক্রমে আরও বেশি জলকপাট খুলে পানি ছাড়া হবে।
এদিকে, বিদ্যুৎ উৎপাদনের জন্য বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে এবং কেন্দ্রটিতে বর্তমানে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। হঠাৎ পানি ছাড়ার কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু এলাকার বাসিন্দা, নৌযান চালক, জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
বাংলাফ্লো/এফআইআর












