বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় বহিষ্কৃত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে তাকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীর নিজের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিলে তিনি তা মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি তাকে দল থেকে অব্যাহতি দেয়।
এই ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, তানভীরের ফেসবুক আইডি থেকে প্রকাশিত ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানির পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিষয়টি দলের একাধিক নেতা-কর্মীর নজরে এলে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মামলা দায়েরের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ












