বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: সাবেক সংসদ সদস্য এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা এ কে এম রহমতুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোর ৪টা ৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
পারিবারিক সূত্র জানায়, বেশ কয়েক দিন ধরে এই প্রবীণ রাজনীতিবিদ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মেয়ে মানসুরা রহমতুল্লাহ গণমাধ্যমকে জানান, ভোরে মৃত্যুর পর তার মরদেহ বাড্ডার বেরাইদে নিজ বাসভবনে নেওয়া হয়েছে। আজ বেলা সাড়ে ৩টায় বেরাইদ মাঠে জানাজা শেষে বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ভাগনে ফারুক আহমেদ। মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






