বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশের অধিকাংশ জায়গায় বর্তমানে যে তাপপ্রবাহ বইছে, তা আজও অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৫ জুন (শুক্রবার) সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে গরমের তীব্রতা অনেকটা কমে গিয়ে জনজীবনে স্বস্তি ফিরতে পারে। বুধবার (৩ জুন) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ জুন শুক্রবার রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে শুক্রবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এছাড়া আগামীকাল বৃহস্পতিবার ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে গতকাল থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বাংলাফ্লো/এফআইআর






