বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশের প্রতিটি মানুষের কথা চিন্তায় রেখে আগামী বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে খুবই ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং সরকারের ওপর প্রচুর ঋণের বোঝা রয়েছে। বিগত সরকারগুলোর রেখে যাওয়া এই খারাপ অবস্থার মধ্যেই আমরা দায়িত্ব নিয়েছি। তবুও অর্থনীতির সুফল যেন প্রতিটি নাগরিকের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, একটু সময় দিলে এই ভঙ্গুর অবস্থা থেকেই সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে।
বিনিয়োগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী দিনে বাংলাদেশের অর্থনীতি হবে সম্পূর্ণ বিনিয়োগনির্ভর। আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং টাকা ছাপিয়ে দেশকে একটি ঋণাত্মক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল; যার ফলে বাজেটের বড় একটি অংশ ঋণের সুদ পরিশোধেই চলে যায়। এই ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সরকার এখন পরিচালন ব্যয় কমিয়ে বিনিয়োগ বাড়ানোর দিকে নজর দিচ্ছে। দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করে আগামীতে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার স্বপ্নের কথাও জানান অর্থমন্ত্রী।
বাংলাফ্লো/এফআইআর






