ঝিনাইগাতীতে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন, ছাত্রলীগ নেতার ভিডিও ভাইরাল
জেলা প্রতিনিধি
শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীর গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখা অফিসে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, এই ঘটনার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা তাঁর ফেসবুক আইডিতে আগুন দেওয়ার একটি ভিডিও প্রকাশ করলে, বিষয়টি রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা পায়।
রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। শাখা কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা ব্যাংকের দরজায় কোনো দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানোর চেষ্টা করে এবং সাইনবোর্ডে আগুন জ্বালিয়ে দেয়।
রেজাউল করিম রেজার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গ্রামীণ ব্যাংক হাতিবান্ধা শাখার সাইনবোর্ডে আগুন জ্বলছে। এ সময় তারা প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে স্লোগান দিচ্ছিল। তবে ভিডিওতে কারও চেহারা স্পষ্টভাবে দেখা যায়নি।
ওসি মো. আল আমিন বলেন, “সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের শাখাটিতে সামান্য আগুন দিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা হয়েছিল। তবে এতে কোনো ক্ষতি হয়নি।”
তিনি আরও জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। এছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঝিনাইগাতী থানা পুলিশ সর্বদা মাঠে রয়েছে।”
বাংলাফ্লো/এফআইআর






