বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত দুদিন ধরে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে চলমান আলোচনার মধ্যেই শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে তিনি দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।
সেমিনারে মির্জা ফখরুল বলেন, “সারাবিশ্বে গণতন্ত্র অনেকটা হুমকির মুখে। তবে আমরা সবসময় গণতন্ত্রের ধারায় বিশ্বাস করি। বর্তমান সরকার জনগণের কাছে সবসময় দায়বদ্ধ।”
দেশের উন্নয়নের স্বার্থেই সরকার এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের সামনে যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে, তা পালনে সরকার বদ্ধপরিকর। এছাড়া বিশ্বে নানান যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতি ও রাজনীতিতে চলমান অস্থিরতার কথা উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে স্বাস্থ্যগত অথবা অন্য যে কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সেটির বিধান রয়েছে। তবে তার পদত্যাগের বিষয়ে সরকার কিছু জানে না। এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই বলেও স্পষ্ট করেছিলেন তিনি।
বাংলাফ্লো/এফআইআর












