বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা এবং ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটাররা তাঁদের ঠিকানা বা ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন।
শনিবার (১৭ অক্টোবর) পৃথক চিঠিতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত মাঠপর্যায়ের কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে প্রথম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা এবং ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। মোট পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মাঠপর্যায়ে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে যাঁদের জন্ম, তাঁরা নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন। ৫ নভেম্বর খসড়া তালিকা প্রকাশের পর ২০ নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানো যাবে এবং ২৪ নভেম্বরের মধ্যে তা নিষ্পত্তি করে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












