বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর মিরপুর-২ এ অবস্থিত মিরপুর কলেজের দেয়াল ধসে হতাহতের ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (২৮ জুলাই) দেয়াল ধসে দুজনের মর্মান্তিক মৃত্যু এবং সাতজনের আহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এই কথা জানান।
শফিকুল ইসলাম জানান, এই ঘটনার কারণ অনুসন্ধানে রাজউক, গণপূর্ত অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনের সদস্যদের সমন্বয়ে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে। ওই কমিটির চূড়ান্ত প্রতিবেদনের আলোকেই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে ডিএনসিসি প্রশাসক বলেন, “কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়। আজকের এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। ২০১৪ সালে এই দেয়ালটি নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় ও সঠিক নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়নি। এখানে কোনো আরসিসি (RCC) ঢালাই দেওয়া হয়নি, কেবল ইটের গাঁথুনি দিয়ে দেয়াল তোলা হয়েছিল। মূলত নির্মাণগত এই ত্রুটির কারণেই আজকে এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল।”
ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সীমানার বাকি দেয়ালগুলো মজবুত করে পুনর্নির্মাণের আশ্বাস দেন তিনি।
এছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, টিসিবির পণ্য সংগ্রহ করতে এসে দেয়াল ধসে যারা আহত হয়েছেন, তাদের আর্থিকভাবে সহায়তার চেষ্টা করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে আহতদের হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ডিএনসিসির প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












