বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় বিদায়ী ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে ডিএমপি সদরদপ্তরে মো. সরওয়ারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন এস এন নজরুল ইসলাম।
ডিএমপি সূত্র জানায়, সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অবসরে যাওয়ার পর সরকার স্থায়ীভাবে কাউকে কমিশনার হিসেবে নিয়োগ দেয়নি। ফলে জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহস্পতিবার তাঁর কর্মজীবনের শেষ দিন হওয়ায় এবং তিনি অবসরকালীন ছুটিতে (পিআরএল) যাওয়ায় নিয়মানুযায়ী পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এস এন নজরুল ইসলামকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। স্থায়ী কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত এস এন নজরুল ইসলামই ডিএমপির প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমের নেতৃত্ব দেবেন।
বাংলাফ্লো/এফআইআর




