বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৪ জন রোগী। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুইজন পুরুষ এবং তিনজন নারী। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৮ জন নারী।
এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৬৭৯ জন এবং নারী ২ হাজার ২৪৪ জন।
বর্ষা মৌসুমের শুরুতে এডিস মশাবাহিত এই রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং দিনের বেলাতেও মশারি ব্যবহারের ওপর জোর দিয়েছেন তারা।
বাংলাফ্লো/এফআইআর




