লাইফ স্টাইল ডেস্ক
ঢাকা: বাঙালি মাত্রই সকালের নাস্তায় গরম গরম পরোটা প্রিয়। কিন্তু স্বাস্থ্যসচেতন অনেকেই ইদানীং প্রশ্ন তুলছেন—প্রতিদিন পরোটা খাওয়া কি শরীরের জন্য ভালো, নাকি অজান্তেই তা স্বাস্থ্যের ক্ষতি করছে? এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়েটিশিয়ান বৈশালী ভার্মা ও পুষ্টিবিদ নিতি শর্মা পরোটার পুষ্টিগুণ এবং এটি খাওয়ার সঠিক নিয়ম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
পরোটা কি আসলে ক্ষতিকর? বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে তৈরি করলে পরোটা মোটেও ক্ষতিকর নয়। বরং এতে কার্বোহাইড্রেট ও ফাইবারের ভালো সমন্বয় থাকে, যা সারাদিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। তবে সমস্যা তখনই হয়, যখন এটি বানাতে অতিরিক্ত তেল ব্যবহার করা হয় কিংবা প্রতিদিন একই ধরনের পরোটা খাওয়া হয়। দীর্ঘমেয়াদে অতিরিক্ত তেল ও ভাজাভুক্তি পরোটা হজমের সমস্যা, ওজন বৃদ্ধি এবং অন্যান্য শারীরিক জটিলতার কারণ হতে পারে।
পরোটাকে স্বাস্থ্যকর করার ৫ উপায় পুষ্টিবিদ নিতি শর্মা পরোটাকে পুষ্টিকর ও স্বাস্থ্যকর করে তোলার জন্য কিছু বিশেষ পরামর্শ দিয়েছেন:
আটার ধরণ পরিবর্তন: মিহি আটার বদলে গোটা গম (Whole Wheat) বা মাল্টিগ্রেন আটা ব্যবহার করুন। এতে ফাইবারের পরিমাণ বেশি থাকে, যা হজমে সহায়তা করে।
সবজির ব্যবহার (Stuffing): পরোটার ভেতরে শাকসবজি দিয়ে পুর বা স্টাফিং তৈরি করুন। এতে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ হবে।
তেলের ব্যবহারে লাগাম: পরোটা ভাজার সময় তেলের পরিমাণ সীমিত রাখুন। দুইটি পরোটার জন্য সামান্য তেলই যথেষ্ট।
মশলার ব্যবহার: অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণযুক্ত মশলা (যেমন- জোয়ান, জিরা, হলুদ) ব্যবহার করুন, যা স্বাস্থ্যের জন্য উপকারী।
সঠিক সাইড ডিশ: পরোটার সঙ্গে দই রাখুন। দই অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়া ডাল বা পনিরের সঙ্গে খেলে প্রোটিনের চাহিদাও পূরণ হয়।
পরোটা খারাপ খাবার নয়, তবে এটি কীভাবে তৈরি করছেন এবং কীসের সঙ্গে খাচ্ছেন—তার ওপরই এর ভালো-মন্দ নির্ভর করে। নাস্তায় বৈচিত্র্য আনুন এবং সচেতনভাবে তৈরি করলে পরোটাও হতে পারে দিনের শুরুর একটি পুষ্টিকর খাবার।
বাংলাফ্লো/এফআইআর






