জেলা প্রতিনিধি
বরিশাল: বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের ভেতরে আকস্মিক এই বিস্ফোরণের ঘটনায় আদালত প্রাঙ্গণে আসা বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক দল এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কাজ শুরু করে। তারা ঘটনাস্থল নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পাশাপাশি বিস্ফোরণের আলামত সংগ্রহ ও যাচাই-বাছাই করছেন। তবে স্বস্তির বিষয় হলো, আকস্মিক এই বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কঠোর নিরাপত্তার মাঝেও আদালত প্রাঙ্গণে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, “ঘটনার প্রকৃত কারণ গুরুত্বের সঙ্গে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। কীভাবে আদালত প্রাঙ্গণের গেটের ভেতরে এমন বিস্ফোরণের ঘটনা ঘটল, তা সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত যাচাই-বাছাই করে বিস্তারিত বলা যাবে।”
বাংলাফ্লো/এম এইচ এইচ












