ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধবিরতি সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ৯ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে কূটনীতি ও সংলাপই যেকোনও সংঘাত সমাধানের একমাত্র উপায়। এই মর্মান্তিক সংকটের সমাধানে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগকে সহজতর করার জন্য সব স্টেকহোল্ডারের প্রচেষ্টাকে বাংলাদেশ প্রশংসনীয় মনে করছে।
বাংলাদেশ আশা করে, চলমান প্রক্রিয়ার মাধ্যমে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে, মানবিক সহায়তা পুনরায় পৌঁছে যাবে এবং গাজার সাধারণ মানুষের দুর্ভোগ কমানো সম্ভব হবে।
এছাড়া, গাজায় শান্তি প্রক্রিয়া সফল হলে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র স্থাপনের পথও উন্মুক্ত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশ গাজায় শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত এবং ১৯৬৭ সালের পূর্ব সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে।


