বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা রুখতেই দেশের ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার (২২ জুন) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এসব এলাকায় সেনাবাহিনী নামানো হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। বিরোধী দলের সভা-সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার, এর মাধ্যমে গণতন্ত্র বিকশিত হয়। তবে নিষিদ্ধ ঘোষিত মাফিয়া সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন জেলায় অপতৎপরতা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শক্তি বাড়াতেই সেনা মোতায়েন করা হয়েছে। দেশে আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি বলেও দাবি করেন তিনি।
এর আগে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের নানা স্থানে বেআইনি মিছিল ও শোডাউনের মাধ্যমে নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে, যা জানমালের ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।
এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় আজ ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৯ দিনের জন্য সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানানো হয়। এই সময়ে সেনাসদস্যরা ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন।
বাংলাফ্লো/এফআইআর






