স্পোর্টস ডেস্ক
ঢাকা: চলমান বিশ্বকাপে ফুটবল খেলা ছাপিয়ে কয়েকবার আলোচনায় এসেছে রেফারিদের সিদ্ধান্ত। বিশেষ করে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার শেষ ষোলোর ম্যাচে রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। এরপর দুর্দান্ত নৈপুণ্যে লিওনেল মেসির দল ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। তবে মিশরের একটি গোল বাতিল এবং সম্ভাব্য ফাউল নাকচ করা নিয়ে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দলটির কোচ হোসাম হাসান। ফিফার বিরুদ্ধে সরাসরি আর্জেন্টিনার পক্ষে ম্যাচ নির্ধারণী ভূমিকা রাখার অভিযোগ তোলেন মিশরের কোচ ও খেলোয়াড়রা। বিশেষজ্ঞদের মাঝেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ নিয়ে অন্য দেশের কোচদেরও অভিমত জানতে চাওয়া হচ্ছে। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ডিএডেজএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে রেফারিকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়ে আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন তা আমি সত্যি বুঝতে পারছি না। এই বিতর্কের সূত্রপাতই বা হলো কোথা থেকে?” রেফারির পক্ষ নিয়ে তিনি আরও বলেন, “আমি খেলাটা দেখেছি। আমার মনে হয়েছে রেফারির নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্ত সঠিক। আমি তাকে অভিনন্দন জানাতে চাই কারণ তার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ছিল নিখুঁত।”
অন্যদিকে ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কলিনাও এই ব্যাপারে কড়া ভাষায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও চাইলে রেফারির সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারেন না এবং রেফারিরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন। তিনি বলেন, “বিশ্বকাপের আর আটটি বড় ম্যাচ বাকি। সামগ্রিকভাবে আমরা সন্তুষ্ট। রেফারিদের সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা সবসময়ই ফুটবলের অংশ হিসেবে থাকবে। কিন্তু ভিত্তিহীন অভিযোগের কোনো স্থান নেই।” ম্যাচ কর্মকর্তাদের সততা নিয়ে প্রশ্ন তোলা এবং এর ফলে রেফারি ও তাদের পরিবারের সদস্যদের হুমকির মুখে পড়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে হুঁশিয়ারি দেন কলিনা।
বাংলাফ্লো/এফআইআর




