বিনোদন ডেস্ক
ঢাকা: ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ সিনেমার পর বড়পর্দায় দীর্ঘ বিরতি। এমনকি বিজ্ঞাপনী ঝলকেও দেখা মিলছিল না তাঁর। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে একটি বিজ্ঞাপনের মাধ্যমে ক্যামেরার সামনে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে প্রিয় নায়িকার ফিরে আসা যতটা না আনন্দের হয়েছে, তার চেয়ে বেশি চর্চা শুরু হয়েছে তাঁর পরিবর্তিত লুক নিয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপনের ভিডিওটি দেখে অনেক ভক্তই থমকে গেছেন। পর্দার সেই চেনা ‘চুলবুলি’ আনুশকাকে দেখে নেটিজেনদের প্রশ্ন— “এ কি সত্যিই সেই আনুশকা শর্মা?” অনেকের মতে, সময়ের আবর্তে বিরাট-পত্নীর চেহারায় আমূল পরিবর্তন এসেছে, যা দেখে হুট করে চেনা প্রায় অসম্ভব।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। একদল নেটিজেন মন্তব্য করেছেন, আনুশকার মুখে বয়সের ছাপ এখন স্পষ্ট। অন্যদিকে, তাঁর ঠোঁট বা চেহারায় প্লাস্টিক সার্জারি কিংবা ফিলার করানোর পুরোনো বিতর্কটি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে সমালোচনার বিপরীতে দাঁড়িয়েছেন ভক্তদের একাংশ। তাঁদের মতে, দীর্ঘ ৮ বছর পর প্রিয় অভিনেত্রীকে পর্দায় দেখতে পাওয়াটাই বড় প্রাপ্তি; চেহারার পরিবর্তন বয়সের স্বাভাবিক নিয়মেই হতে পারে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রূপালি জগত থেকে প্রায় অদৃশ্যই হয়ে গিয়েছিলেন আনুশকা। বর্তমানে স্বামী বিরাট কোহলি এবং দুই সন্তানকে নিয়ে লন্ডনেই থিতু হয়েছেন তিনি। বছরের অধিকাংশ সময় সেখানেই কাটে তাঁদের। সংসার আর সন্তানদের সময় দিতে গিয়ে অভিনয় থেকে দূরে থাকলেও, এই নতুন বিজ্ঞাপনের মাধ্যমে তাঁর ফিরে আসা ভক্তদের মনে নতুন আশার সঞ্চার করেছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






