বিনোদন ডেস্ক
ঢাকা: ঢালিউডে ভৌতিক বা হরর ঘরানার মানসম্মত সিনেমার যে দীর্ঘদিনের আক্ষেপ ছিল, তা এবার বোধহয় ঘোচাতে চলেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। তার বড় আয়োজনের নতুন প্রজেক্ট ‘আন্ধার’ নিয়ে এমনিতেই বিনোদন পাড়ায় চর্চার কমতি ছিল না। এবার সেই উত্তেজনার আগুনে যেন নতুন করে ঘি ঢেলে দিলেন খোদ পরিচালক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং সেটের মনিটরের একটি দৃশ্য শেয়ার করে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন তিনি।
এর আগে সামাজিক মাধ্যমে কিছুটা মজার ছলেই রাফী এক পোস্টে জানিয়েছিলেন, “আপনারা বরং অফিশিয়াল প্রমোশনের কাজ করুন, আমি কাল থেকে ‘অফিশিয়ালি আনঅফিশিয়াল ফার্স্ট লিক’ দেওয়া শুরু করলাম।” সেই কথা রাখতেই তিনি ভক্তদের সামনে তুলে ধরলেন অভিনেত্রী নাজিফা তুষির এক রহস্যময় রূপ। কসমিক থ্রিলার আর ভয়ের আবহের মাঝে মনিটরের ফ্রেমে বন্দি তুষির এই ছবি দেখে সিনেমাপ্রেমীদের কৌতূহল এখন আকাশ ছুঁয়েছে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে রাফী লেখেন, “আন্ধার ফার্স্ট লিক! এটি কোনো অফিশিয়াল পোস্টার বা স্থিরচিত্র নয়, কেবল শুটিংয়ের সময় মনিটর থেকে নেওয়া একটা সাধারণ মুহূর্তের স্ক্রিনশট।”
ছবিতে তুষির চমৎকার উপস্থিতির ভূয়সী প্রশংসা করে নির্মাতা আরও বলেন, “মাত্র একটি ফ্রেমেই পরিষ্কার বোঝা যাচ্ছে ‘আন্ধার’ সিনেমায় তুষিকে কতটা অনবদ্য লাগছে। এর আগে নানা বৈচিত্র্যময় চরিত্রে তাকে দেখা গেলেও এই সিনেমায় তার সবচেয়ে মোহনীয় রূপ দেখতে পাবেন দর্শকরা।” রাফীর কথায় স্পষ্ট, ভৌতিক রোমাঞ্চের এই গল্পে তুষির এমন মোহনীয় লুক দর্শকদের জন্য নতুন এক আকর্ষণ হতে যাচ্ছে।
উল্লেখ্য, জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘ভৌতিস্ট’-এর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ভূত ও অতিপ্রাকৃত বিষয় নিয়ে বিস্তর গবেষণার ওপর ভিত্তি করে সিনেমাটির মূল গল্প তৈরি করেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। তাদের সঙ্গে চিত্রনাট্যের বুননে পরবর্তীতে যুক্ত হয়েছেন আদনান আদিব খান।
তারকাবহুল এই সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, আফসানা মিমি, মোস্তফা মনওয়ার, গাজী রাকায়েত এবং তানজিকা আমিনের মতো জনপ্রিয় সব তারকা। এছাড়া ‘আন্ধার’-এর মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নতুন দুই মুখ—স্বর্ণালী চৈতি ও ফররুখ আহমেদ রেহানের।
বাংলাফ্লো/এম এইচ এইচ












