স্পোর্টস ডেস্ক
ঢাকা: বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে নতুন মাইলফলক স্পর্শ করলেন সিলেট টাইটান্সের পেসার মোহাম্মদ আমির। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বল হাতে ইনিংসের শুরুতেই একটি মেইডেন ওভার নিয়ে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে মেইডেন সংখ্যার দিক থেকে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ছিল মোহাম্মদ আমিরের ২৮তম মেইডেন ওভার। এতদিন ২৭টি মেইডেন নিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজকের মেইডেনটির মাধ্যমে সাকিবকে তিনে ঠেলে দিয়ে এককভাবে দ্বিতীয় স্থান দখল করলেন আমির। এই তালিকায় সবার ওপরে আছেন ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন, যার মেইডেন সংখ্যা ৩৩টি।
সিলেটের হয়ে বোলিং ওপেন করতে এসে আমিরের আগুনের সামনে অসহায় ছিলেন ঢাকার দুই ওপেনার সাইফ হাসান ও জোবায়েদ আকবারি। তার করা প্রথম ওভার থেকে কোনো রান নিতে পারেননি তারা। শেষ পর্যন্ত তার এই কৃপণ বোলিং দলকে ৬ রানের জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টি-টোয়েন্টিতে সর্বাধিক মেইডেন: ১. সুনীল নারিন (৩৩টি) ২. মোহাম্মদ আমির (২৮টি) ৩. সাকিব আল হাসান (২৭টি)
বাংলাফ্লো/এফআইআর






