বিনোদন ডেস্ক
ঢাকা: ছোটবেলার ঠাকুরমার ঝুলির চিরচেনা রূপকথা আর ‘প্রাণভোমরা’র প্রাচীন মিথকে এবার আধুনিক প্রেম, মনস্তাত্ত্বিক আবেগ ও রহস্যের আবহে পর্দায় নিয়ে আসছেন দেশের জনপ্রিয় থ্রিলার নির্মাতা ভিকি জাহেদ। চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’ (iScreen)-এর অরিজিনাল ওয়েব সিরিজ হিসেবে নির্মিত হতে যাচ্ছে রোম্যান্টিক মিথোলজিক্যাল ঘরানার নতুন এই সিরিজ ‘প্রাণভোমরা’। এর আগে একই প্ল্যাটফর্মে ভিকি জাহেদের আলোচিত সিরিজ ‘চক্র’ ও ‘চক্র ২’ ব্যাপক দর্শকপ্রিয়তা ও সাফল্য পেয়েছিল। সেই ধারাবাহিকতায় বুধবার (২৩ সেপ্টেম্বর) চ্যানেল আই স্টুডিও বারান্দায় আয়োজিত এক জমকালো সংবাদ সম্মেলনে নতুন এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব এবং নবাগত অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া।

সিরিজটির গল্পভাবনা নিয়ে সংশ্লিষ্টরা জানান, প্রাচীন রূপকথায় রাক্ষস-খোক্কসের প্রাণ যেমন কোনো রহস্যময় ভোমরার ভেতর বন্দি থাকত, এই সিরিজে তেমনি ভালোবাসাকে এক অদৃশ্য ‘প্রাণভোমরা’র সঙ্গে তুলনা করা হয়েছে। মানুষের শরীর একসময় নশ্বর নিয়মে হারিয়ে যায়, কিন্তু ভেতরের গভীর অনুভূতি, প্রেম কিংবা আবেগ কি আসলেই কখনো শেষ হয়ে যায়? সেই অনুভূতির টানে কি ফেলে আসা অতীত আবারও ফিরে আসতে পারে? ঠিক এমন কিছু মনস্তাত্ত্বিক ও রহস্যময় প্রশ্নের উত্তর খোঁজা হবে ‘প্রাণভোমরা’র গল্পে। যেখানে সত্যিকারের ভালোবাসা কোথায় লুকিয়ে আছে, কেন তাকে খুঁজে বের করতে হবে এবং ভালোবাসাকে ধ্বংস করার প্রয়োজনই বা কী—গল্পের বাঁকে বাঁকে উন্মোচিত হবে সেই রোমাঞ্চকর রহস্য।
‘প্রাণভোমরা’র কেন্দ্রীয় দুই চরিত্রে জুটি বেঁধে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও নবাগত শ্রেয়সী শ্রেয়া। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন একঝাঁক দক্ষ অভিনয়শিল্পী। নতুন মুখ নেওয়া প্রসঙ্গে পরিচালক ভিকি জাহেদ বলেন, সবসময় প্রতিষ্ঠিতদের নিয়ে কাজের ছক ভেঙে এবার নতুন প্রতিভাকে সুযোগ দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। পাশাপাশি চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, ভিন্নধর্মী সাহসী গল্পে তারা সবসময় পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে অভিনেতা তৌসিফ মাহবুব নতুনদের কাজের ক্ষুধা ও সম্ভাবনার প্রশংসা করে জানান, এই ভিন্ন ধাঁচের গল্পে দর্শকদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। প্রযোজনা সংস্থা জানিয়েছে, আগামী অক্টোবর মাসেই শুরু হচ্ছে সিরিজটির দৃশ্যধারণ এবং শুটিং সম্পন্ন করে দ্রুততম সময়ে এটি আইস্ক্রিনে মুক্তি দেওয়া হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












