আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন এবং মধ্যপ্রাচ্যে ইরানের হামলা বেড়ে যাওয়ার জন্য দেশটির ডেমোক্র্যাটিক পার্টিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে এমন পরিস্থিতি তৈরি হবে বলে তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নির্বাচন ঘিরে তিনি দুটি বিষয় আগেই অনুমান করেছিলেন—প্রথমত, ডেমোক্র্যাটরা জিতলে শেয়ারবাজারে ধস নামবে এবং দ্বিতীয়ত, ইরান হামলার মাত্রা বাড়িয়ে আরও আগ্রাসী হয়ে উঠবে। তার ভাষায়, সেই দুটি পূর্বাভাসই এখন বাস্তবে রূপ নিয়েছে।
ট্রাম্প দাবি করেন, গত এক সপ্তাহে ইরান গত এক বছরের যেকোনো সময়ের তুলনায় বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যদিও এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি উল্লেখ করেন। ইরানের নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর ও দেশ ধ্বংসকারী হিসেবে দেখেন মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন যে তিনি এমন পরিস্থিতি কোনোভাবেই চলতে দেবেন না।
একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, বিশ্ববাজারে তেলের দাম বেশি রাখতে ডেমোক্র্যাট ও ইরান মরিয়া চেষ্টা চালিয়েছে, তবে নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণ কমেছে বলে তিনি দাবি করেন। অবশ্য আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প তার এসব দাবির পক্ষে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ তুলে ধরেননি।
বাংলাফ্লো/এম এইচ এইচ












