আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগের একাধিক উদ্যোগ নিয়েও কোনো সাড়া পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি হোয়াইট হাউস থেকে কিমের উদ্দেশে পাঠানো একটি চিঠিও গ্রহণ না করে তা না খুলেই ফিরিয়ে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার এক কূটনীতিক।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর সরকারি টেলিফোন লাইনসহ বিভিন্ন মাধ্যমে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন ট্রাম্প। পরে নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘে উত্তর কোরিয়ার কার্যালয়ের বাইরে এক কূটনীতিকের হাতে চিঠিটি তুলে দেন মার্কিন কর্মকর্তারা, কিন্তু ওই কূটনীতিক জাতিসংঘের এক বৈঠকে চিঠিটি না খুলেই মার্কিন প্রতিনিধির সামনে রেখে দেন।
ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে তিনবার বৈঠক হলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র ত্যাগের আলোচনায় কিমের কোনো আগ্রহ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি এশিয়া সফরের সময়ও শেষ মুহূর্তে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও কিমের দেওয়া শর্ত ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হয়নি।
এদিকে ২০১৯ সালের পর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত ২০–৩০টি থেকে বেড়ে আনুমানিক ৬০টি ওয়ারহেডে পৌঁছেছে এবং দেশটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম কঠিন জ্বালানিচালিত আইসিবিএম তৈরি করেছে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে এবং বিন্যান্স থেকে ৬ বিলিয়ন ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমে অর্থ সংগ্রহ করে পিয়ংইয়ং নিজের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে বলে দাবি করা হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












