আইন-আদালত ডেস্ক
ঢাকা: আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আগামী ২৪ নভেম্বর এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।
মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান নিরাপত্তাজনিত কারণে সশরীরে আদালতে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন। রোববার আসামিপক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি এবং তিনি মামলাসংক্রান্ত বিভিন্ন নথিপত্র ও ভিডিও সাক্ষ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। জবানবন্দি শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম তাকে জেরা করেন, যেখানে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।
সাফাই সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল ২৪ নভেম্বর তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সাফাই সাক্ষ্যের দিন ধার্য ছিল।
এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে তার সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটার চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে এবং তৃতীয় অভিযোগে একই সময়ে বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের এসব অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করলে ট্রাইব্যুনাল-১ তা আমলে নেন এবং ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ









