বিনোদন ডেস্ক
ঢাকা: গত ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়া ভারতের বহুল আলোচিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড’ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ধর্মীয় ও ঐতিহাসিক তথ্য বিকৃতির অভিযোগ তুলে সিনেমাটির প্রদর্শনী বন্ধ এবং সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।
সংগঠনটির সাধারণ সম্পাদক বজরং লাল বাগরা এবং আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার অভিযোগ করেছেন, সিনেমায় রাবণ চরিত্রকে দলিত ও শোষিতদের মুক্তির দূত হিসেবে উপস্থাপন করা হয়েছে। তাদের মতে, রাবণ বিদ্বান ও শক্তিশালী হলেও অত্যাচারী হিসেবে তিনি ছিলেন অনৈতিক; সিনেমায় তাকে মহিমান্বিত করে একটি রাজনৈতিক বয়ান তৈরির চেষ্টা করা হয়েছে।
ভিএইচপি নেতাদের আরও দাবি, মূল রামায়ণের মাতা অহল্যার উদ্ধার, নিষাদরাজ গুহের সাথে রামের বন্ধুত্ব এবং কেবতের ভক্তির মতো গুরুত্বপূর্ণ অংশগুলো বাদ দেওয়া হয়েছে। এসব ঘটনা বাদ দেওয়ায় সামাজিক সম্প্রীতির বার্তা আড়ালে পড়ে গেছে বলে তারা মনে করেন।
এর আগে বি আর চোপড়ার ‘মহাভারত’ খ্যাত অভিনেতা নীতীশ ভরদ্বাজও ছবিটিতে রামের চরিত্রায়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তার মতে, পর্দায় ভগবান রামকে অতি সাধারণ ও ভাবলেশহীন মানুষ হিসেবে দেখানো হয়েছে, যা তার মর্যাদার সাথে মানানসই নয়।
দুই পর্বের এই মেগা প্রজেক্টের প্রথম কিস্তিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে যশ এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে অভিনয় করেছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ









