জেলা প্রতিনিধি
শেরপুর: বাংলাদেশে দীর্ঘদিন অবৈধভাবে অবস্থানের পর সীমান্তপথে ভারতে ফিরে যাওয়ার চেষ্টাকালে শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার পানিহাতা মিশনের পূর্ব পাশে ফেকামারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন এবং পরে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেন।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—নুরজাহান খাতুন (৩২), আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০) এবং তিন শিশু সাকিব হাসান শেখ (২), আকিব হাসান (৪) ও রাকিব হাসান (৮)। তাঁদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এবং প্রায় দুই বছর ধরে এখানে অবস্থান করছিলেন। শুক্রবার পানিহাতা-ফেকামারী সীমান্ত দিয়ে গোপনে ভারতে ফিরে যাওয়ার চেষ্টা করার সময় বিজিবির টহল দলের অভিযানে তাঁরা ধরা পড়েন।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার তাঁদের আদালতে পাঠানো হচ্ছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












