বিনোদন ডেস্ক
ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাঁকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশের একটি দল।
আটকের আগমুহূর্তে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি তাঁর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি লাইভে আসেন। সেই লাইভ ভিডিওতে পুলিশের উপস্থিতির সময় তাঁকে অঝোরে কান্নাকাটি করতে দেখা যায়, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানিয়েছেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্যই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ব্যাপক সমালোচিত হওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর অন্যতম অ্যাডমিন ছিলেন জ্যোতিকা জ্যোতি। ওই গ্রুপের বিভিন্ন কথোপকথন ফাঁস হওয়ার পর থেকেই তিনি আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
এ ছাড়া জ্যোতিকা জ্যোতি ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে প্রকাশিত একটি ভিডিওতে তিনি নিজেই শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছিলেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












