জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।
কাচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, মহাসড়কের ঢাকাগামী লেনে বাসটিতে আগুন দেওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকারের মাধ্যমে পুড়ে যাওয়া গাড়িটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। তবে এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের ওসি মহম্মদ আবদুল বারিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম বাইপাস মহাসড়কের সোনারগাঁ উপজেলার জামপুর মিরেরটেক বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে একটি খড়বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। দিনাজপুর থেকে আসা ট্রাকটি রাত সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে আনলোডের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল এবং চালক ও হেলপার ভেতরে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে।
চালক ট্রাকটি বাঁচাতে প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে ট্রাকের সব খড় পুড়ে ছাই হয়ে যায়। সোনারগাঁ থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, সিসিটিভি ফুটেজ ও তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












