বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডে ‘গ্যাংস্টার আতঙ্ক’ যেন কিছুতেই কাটছে না। কিছুদিন আগেই অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনার পর এবার বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্যাংস্টার গোল্ডি ঢিলন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে অমিতাভ ও অভিষেককে প্রাণনাশের হুমকি দিয়েছে। ওই পোস্টে গোল্ডি ঢিলন দাবি করে, তার দুই সহযোগী বিকাশ ঠাকুর ও দীপক সিং গ্রেপ্তার হলেও তাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। মুম্বাইয়ে তার প্রায় ২০০ সহযোগী সক্রিয় ও প্রস্তুত রয়েছে বলেও পোস্টে দাবি করা হয়।
একই পোস্টে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়েছে। বিশেষভাবে অমিতাভ বচ্চন ও অভিষেকের নাম উল্লেখ করে সরাসরি গুলি করে হত্যার হুমকি দিয়ে বলা হয়েছে, বুলেটপ্রুফ কাচও তাদের রক্ষা করতে পারবে না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টটির সত্যতা এবং সেখানে করা দাবিগুলোর বাস্তবতা এনডিটিভি নিশ্চিত করতে পারেনি।
সম্প্রতি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুই সন্দেহভাজন শুটারকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তদন্তকারীদের সন্দেহ, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে তারা জড়িত ছিলেন। তাদের গ্রেপ্তারের কয়েক দিন পরই নতুন করে এই হুমকি এলো।
এদিকে গত এক মাসে তিনটি পৃথক ই-মেইলের মাধ্যমে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে। এর পর থেকেই বাড়িটির নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বাড়তি সতর্কতা নিচ্ছেন বচ্চন পরিবারের সদস্যরা। এমনকি গত ১ নভেম্বর রোববার বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সঙ্গে দেখা করতে বাড়ির বাইরে এসেছিলেন অমিতাভ বচ্চন।
বাংলাফ্লো/এম এইচ এইচ











