জাতীয় ডেস্ক
ঢাকা: যুক্তরাজ্যের লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। সংঘর্ষ চলাকালে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাজ্য সফররত এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে লন্ডনের ‘মে ফেয়ার’ হলের পেছনের সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্যমতে, অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই হলের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের সমর্থকেরা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন এবং বাইরে হামলা চালান।
অনুষ্ঠান শেষ হওয়ার পর ‘মে ফেয়ার’ হলের পেছনের সড়কে দুই পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক দফা লাঠিচার্জ করে।
এ ঘটনার পর বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংবর্ধনা অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্র সমর্থকেরা হামলা চালিয়েছে। ওই সময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত থেকে সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন বলে উল্লেখ করে তিনি জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিদেশেও সহিংসতা ও ভয়ভীতির মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে, যা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও গণতান্ত্রিক স্বাধীনতার জন্য উদ্বেগজনক। তিনি যুক্তরাজ্য সরকারের কাছে দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
নাহিদ ইসলামের এক সপ্তাহের যুক্তরাজ্য সফরে সঙ্গে থাকা এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ গণমাধ্যমকে জানিয়েছেন, সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। তিনি ফেসবুকে আরও লেখেন, বিক্ষোভকারীরা অনুষ্ঠানটি ভন্ডুল করার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর অনুষ্ঠান শেষে বের হওয়া অতিথিদের ওপর হামলা চালায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই যুক্তরাজ্যে সফররত জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা একাধিকবার বিক্ষোভ প্রদর্শন করেছে। নাহিদ ইসলামের এবারের সফরেও যুবলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ করতে দেখা গেছে। সফর শেষে আগামী ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












