বিনোদন ডেস্ক
ঢাকা: জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী ও ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুর আগে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন এই সংগীতশিল্পী।
সাহেদ আলীর মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বন্ধু এরশাদুল হক টিংকু। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি এবং প্রায় চার বছর ধরে কিডনির সমস্যায় আক্রান্ত থাকায় নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাকে।
গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের মাত্রা কমে গেলে সাহেদ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে তিনি স্বাভাবিকভাবে কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলেন। পরবর্তী সময়ে তার শরীরে ডেঙ্গু, ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ এবং হেপাটাইটিস সি ভাইরাসের কারণে লিভারে প্রদাহ দেখা দেয়।
নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করে আসা শেখ সাহেদ আলী ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।
১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদ আলীর প্রথম অ্যালবাম ‘প্রভু’, এরপর তার আরও পাঁচটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার প্রয়াণে দেশের ব্যান্ড সংগীত ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












